এই ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটির ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (১২ মার্চ)। রাজধানীর আগারগাঁওয়ের এয়ার বেইস ক্যাম্পে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তানিম নূরের পরিচালনায় ছবিটি নির্মিত হয়েছে। সংবাদ সম্মেলনে ছবিটিতে অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এর অভিনয়শিল্পীরা।
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান-এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এর পর একে একে কথা বলেন পরিচালক তানিম নূর, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নুর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার।
তানিম নূর বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যার, আইয়ুব বাচ্চু ভাইকে স্মরণ করছি। যেকোনো সিনেমা একা করা যায় না। সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সিনেমায় অত্যন্ত গুণী অভিনয়শিল্পীরা আছেন। তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম এই সিনেমার মাধ্যমে প্রায় ১২ বছর পর বড় পর্দায় স্ক্রিন শেয়ার করবেন। তারাও বেশ আবেগে আপ্লুত।
শরীফুল রাজ বলেন, ‘আমি হুমায়ূন স্যারের ভক্ত। স্যার বেঁচে থাকলে খুব খুশি হতেন। আমাদের সবার জন্য দোয়া করবেন। আর সিনেমাটা হলে গিয়ে পরিবার নিয়ে দেখবেন’
সাবিলা নূর বলেন, ‘আমার সবচেয়ে বেশি দৃশ্য ছিল মোশাররফ করিম ভাইয়া ও রাজ ভাইয়ার সঙ্গে। দুজনের কাছে একটু ক্ষমা চেয়ে নিতে চাই, দুজনকে অনেক জ্বালিয়েছি বিরক্ত করেছি। তানিম ভাইকে অনেক ধন্যবাদ আমাকে চিত্রা চরিত্রে ভাবার জন্য। সেই সাথে আমি পুরো টিমের কাছে ভীষণ গ্রেটফুল।’


