পিরোজপুরে বিভিন্ন এলাকার বডরই বাগান রক্ষার নামে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে প্রতিদিন শত শত পাখি নিধন করা হচ্ছে। এসব বরই বাগানে পাতা ফাঁদে বুলবুলি, ঘুঘু, দোয়েল, শালিকসহ নানা দেশীয় প্রজাতির পাখি মারা যাচ্ছে।
সদর উপজেলার টোনা ইউনিয়নের বাসিন্দাদের অভিযোগ, গত তিন বছর ধরে বড়ই মৌসুম এলেই এভাবে নিষিদ্ধ কারেন্ট জাল পেতে নিষ্ঠুরভাবে পাখি নিধন করা হচ্ছে। বাগানের ফল রক্ষার নামে এ ধরনের ব্যয়বহুল ও অবৈধ পদ্ধতিতে পাখি নিধন পরিবেশ আইনে গুরুতর অপরাধ। এতে একদিকে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে প্রাণ হারাচ্ছে অসংখ্য দেশীয় পাখি। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবেশ ও পাখিপ্রেমীরা।

সরেজমিন বৃহস্পতিবার সদর উপজেলার টোনা ইউনিয়নের সালাউদ্দীনের বড়ই বাগানে গিয়ে পাখির প্রতি এ বর্বরতার হৃদয়বিদারক চিত্র দেখা যায়।
স্থানীয়রা জানান, তার পাতা জালে প্রতিদিন বিভিন্ন প্রজাতির শত শত পাখি মারা যাচ্ছে। বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহল বেশ উদ্বিগ্ন।

বাগান মালিক সালাউদ্দিন বলেন, ‘প্রতিদিন শত শত পাখি এসে বরই নষ্ট করে। বাগান রক্ষার জন্য এ জাল দেওয়া হয়েছে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, ‘এভাবে পাখি নিধন বন ও পরিবেশ সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। কৃষকদেরকে জাল ব্যবহার না করতে নিরুৎসাহিত করা হচ্ছে। এ ছাড়া পাখি না মেরে ফল রক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে।


