রিকশা প্রতীকে ভোট চাওয়া ও ভোটারদের প্রভাবিত করার অপরাধে জামায়াত ইসলামী সমর্থিত নির্বাচনী ঐক্যের প্রার্থী মামুনুল হকের এক পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত পোলিং এজেন্টের নাম জাকির হায়দার।
ঢাকা-১৩ আসনের বছিলা (পুরাতন) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শওকত হোসেন টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ভোটাররা জানিয়েছেন, এই কেন্দ্রটি নারী ভোটারদের। সাধারণত এমন কেন্দ্রে পুরুষ পোলিং এজেন্ট থাকে না। কিন্তু জাকির হায়দার সেখানে ছিলেন, বার বার বিভিন্ন তলায়, কেন্দ্রের বিভিন্ন অংশে যাওয়া আসা করছিলেন। সেই সঙ্গে রিকশা প্রতীকে অর্থাৎ মামুনুল হককে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করছিলেন।
বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। তারপর নিয়ম অনুযায়ী প্রিসাইডিং অফিসার জাকিরকে কেন্দ্র থেকে বহিষ্কার করেন।


