জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান সরকার সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিচ্ছে।
তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ‘আপনারা সেই ফ্যাসিবাদের নিন্দিত পথের দিকেই হাঁটছেন, যে পথে পূর্ববর্তী শাসকরা গিয়েছিল। সময় থাকতে ফিরে আসুন, জাতির মুখোমুখি হবেন না।’
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটে দেশের বিপুল সংখ্যক মানুষ ‘জুলাই সনদের’ সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে।
তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পর এখন সেই রায় অস্বীকার করার কোনো সুযোগ নেই। জনগণের রায়কে সম্মান জানিয়ে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এই রাজনৈতিক সংকটের দায় সরকারকেই নিতে হবে।
এদিন চলমান উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে দখল, সহিংসতা ও অনিয়মের ঘটনা প্রমাণ করে যে, বর্তমান ব্যবস্থার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি দেশবাসীকে রাজপথে নেমে গণভোটের রায় আদায়ের আহ্বান জানান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন। ৯–১৫ এপ্রিল সারা দেশে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ, ১১ এপ্রিল রাজধানী ব্যতীত সকল মহানগরে বিক্ষোভ, ১২ এপ্রিল দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচি, ১৩ এপ্রিল ঢাকায় জাতীয় সেমিনার (বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা ও ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণে) এবং বিশেষ কর্মসূচি হিসেবে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়।
এ সময় হামিদুর রহমান আজাদ বলেন, ‘আমরা রাজপথে উত্তেজনা চাই না, বরং সংসদের ভেতরেই সব সমস্যার সমাধান চাই। কিন্তু সরকার যদি আবারও স্বৈরাচারী ও একদলীয় শাসনের পথে হাঁটে, তবে জুলাই আন্দোলনের মতো জনগণই সকল অন্যায় প্রতিরোধ করবে।’


