ফ্যামিলি কার্ড কর্মসূচি কোনো প্রতারণা নয়: সালাহউদ্দিন আহমদ

ফ্যামিলি কার্ড কর্মসূচি কোনো প্রতারণা নয়: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেওয়া কার্ড কর্মসূচি কোনো প্রতারণার অংশ নয় বলে আশ্বস্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘এসব কর্মসূচি প্রতারণা নয়। সরকারের সক্ষমতা থাকলে জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব। যাদের কোনো পরিকল্পনা নেই, তারাই এসব নিয়ে অপপ্রচার চালাচ্ছে।’

বৃহস্পতিবার রাতে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, অভিজ্ঞতাহীন সরকারের ভুল সিদ্ধান্তে লবণ আমদানির কথা উঠায় বাজারে দাম কমে গেছে। পরে আমদানি বন্ধের উদ্যোগ নেওয়া হলেও এখন লবণচাষিরা কেজিপ্রতি ১০ টাকাও পাচ্ছেন না, যা চরম বৈষম্য।

২০০১ সালে বিএনপি সরকারের সময় ক্যাবিনেট পর্যায়ে আলোচনা করে লবণের মূল্য নির্ধারণ করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে লবণসহ সকল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। বৈষম্য নিরসন করা হবে।

আরও পড়ুন

তিনি জানান, নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব নারীদের কর্মসংস্থানে বাধা সৃষ্টি করবে। নারীদের নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে মায়ের জাতিকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেন এই নেতা। তিনি উল্লেখ করেন, বিএনপি সরকারের আমলে নারীদের শিক্ষা ও অগ্রগতির জন্য অবৈতনিক নারী শিক্ষা চালু করা হয়েছিল।

এ সময় মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারাই আজ ইতিহাস বিকৃতির অভিযোগ তুলছে। এসব বক্তব্যের উদ্দেশ্য কেবল বিতর্ক সৃষ্টি করা। একই সঙ্গে অপপ্রচার নয়—জনগণের সামনে দেশের উন্নয়নে কে কী করবে, সেই পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান তিনি ।

জনসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামাদলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে একই দিন সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন সালাহউদ্দিন আহমেদ। সেখানে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad