ফের আন্দোলনে ইশরাক

ফের আন্দোলনে ইশরাক
বিএনপি নেতা ইশরাক হোসেন। ফাইল ছবি: বিএনপির মিডিয়া সেল
Advertisement
Advertisement

তালা খোলেনি নগর ভবনের, কার্যত অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ঈদের বিরতির পর ফের সেখানে অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা।

ঈদের বিরতির পর রোববার নগর ভবনে উপস্থিত হয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইশরাক। তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সেবা কার্যক্রমে অচলাবস্থা কাটাতে নিজের তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম চালিয়ে নেওয়ার ঘোষণাও দেন।

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনরত ডিএসসিসি কর্মচারীরা তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখায় নগর ভবনে অন্যদের প্রবেশ করা কার্যত বন্ধ রয়েছে।

নগর ভবনের অবস্থান কর্মসূচিতে ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

রোববার সকালে ডিএসসিসি কর্মচারীসহ ইশরাকের অনুসারীরা নগর ভবনে একত্রিত হন। এরপর বেলা ১১টার দিকে নগর ভবনে প্রবেশ করেন ইশরাক।

সমর্থকদের তিনি বলেন,‘গায়ের জোরে নয়, সাংবিধানিকভাবে ও জনগণের ভোটে আমি বৈধ মেয়র। বরং ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘন করার অভিযোগ উঠবে। এখন থেকে বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে। আন্দোলন থেকে পিছু হটার আর কোনো সুযোগ সামনে নেই। এটা না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করেন, তাহলে অচলাবস্থা কেটে যাবে। নইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংকট চলবেই। সমস্যা সুরাহা না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।’

আরও পড়ুন

‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দৈনন্দিন কার্যক্রম চলবে, জনগণের জন্য ভোগান্তি না হয়। এগুলো আমাদের তত্ত্বাবধানে চলমান থাকবে। জন্ম নিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সব সেবা চালু থাকবে, তবে অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা কর্মকর্তারা অফিস করতে পারবে না।’

ইশরাক বলেন,‘প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের একটা প্রতীক। জনগণের দৈনন্দিন সেবা, আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে।’

তিনি বলেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাব, তিনি যেন এ বিষয়টি সরাসরি নিজে তত্ত্বাবধান করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি। এখন আমাদের আন্দোলন যেভাবে চলছে, কোনো অবস্থাতেই আমরা এখান থেকে ফিরে যেতে পারি না। আদালতের রায় জনগণের রায়কে আপনারা মেনে নিন।’

আন্দোলনকারীরা দিনভর স্লোগান দেন- ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। সেসময় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত ১৪ মে হাইকোর্টে রিট আবেদন করা হয়। আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গত ১৫ মে থেকে আন্দোলনে নামেন ইশরাক সমর্থকরা। সেই আন্দোলন গড়িয়েছে দ্বিতীয় মাসে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad