বরগুনার তালতলী উপজেলায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচের অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই ঘটনা ঘটে।
মৃত খোকন কর্মকার (৪০) মালিপাড়া এলাকার দিলীপ কর্মকারের ছেলে।
স্থানীয়রা জানান, এইচএসসি-২০০০ ব্যাচের বন্ধুরা এই ফুটবল ম্যাচের আয়োজন করেছিল। খেলা শুরুর আগে বন্ধুদের সঙ্গে অনুশীলনের সময় খোকন হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন। বন্ধুরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খোকনের বন্ধু পরিতোষ জানান, ‘আমরা অনুশীলন করছিলাম। হঠাৎ খোকন অসুস্থ হয়ে পড়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো গেল না।’
হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী দাস সানী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তীব্র গরম বা অতিরিক্ত উত্তেজনার কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

