রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসায় চপল মিত্র (৩৯) নামে এক কবিরাজকে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তার দুই রোগীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শনিবার দুপুরে পূর্ব রামপুরা ৮৯/১/৩ বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই কবিরাজকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। এরপর নিহতের স্বজনরা বেলা সাড়ে ৩টার দিকে মরদেহ থানায় নিয়ে যান।
চপল মিত্রের বাবা মৃত নির্মল মিত্র। তার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান উল্লেখ করেন, নিহতের ডান কাঁধে কালো দাগ, বাম কানের পিছনে ফুলা চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রোববার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, চপল মিত্র পূর্ব রামপুরায় তার পূর্ব পরিচিত মো. সিজার ও সানজিদা শোভার ভাড়া বাসায় সাক্ষাতের জন্য যান। তাদেরকে তিনি কবিরাজি চিকিৎসা করতেন। পরে সেখানে তাদের মধ্যে মনোমালিন্য হলে কথিত ওই দম্পতির আঘাতে আহত হন চপল।
পরবর্তীতে খবর পেয়ে স্বজনরা তাকে জেড এইচ সিকদার ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। সিজার ও সানজিদা শোভা নিজেদেরকে স্বামী স্ত্রী দাবি করলেও কোনো ডকুমেন্ট দেখাতে পারেন নি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, নিহতের স্ত্রী হিরা মিত্র জানান, তারা মিরপুর-২ মনিপুর এলাকায় থাকেন। তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে জানালেও কারা তাকে কেনো হত্যা করেছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।


