ঈদকে সামনে রেখে দেশের তৈরি পোশাকখাতের শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শনিবার এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘ঈদ ঘনিয়ে এলেই দেশের অর্থনীতির প্রাণভোমরা পোশাকখাতের হাড়ভাঙা পরিশ্রম করা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে অস্থিরতা তৈরি হয়। দিন-রাত কাজ করা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে নানা টালবাহানা শুরু হয়।’
তিনি বলেন, পোশাকখাতের মালিকদের অনেকেই ধনকুবের হিসেবে পরিচিত, আর শ্রমিকদের শ্রমেই তারা সম্পদশালী হয়েছেন। কিন্তু সেই শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন পরিশোধে অনীহা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। প্রতি বছর ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে রাষ্ট্রকে বসতে হয় বলেও তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, মালিকদের সংগঠন বিজিএমইএ আবারও নগদ প্রণোদনার দাবি তুলেছে। দেশের অন্যতম সুবিধাপ্রাপ্ত ও লাভজনক একটি খাত শ্রমিকদের ঈদের আনন্দকে পুঁজি করে স্বার্থ আদায়ের চেষ্টা করছে—এমন প্রবণতাকে ‘অশুভ লক্ষণ’ বলে মন্তব্য করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী বিশ রোজার মধ্যে সব শ্রমিকের বকেয়া বেতন ও ঈদ বোনাস সম্পূর্ণ পরিশোধের আহ্বান জানিয়েছে।


