পুলিশ বাহিনীর মনোবল দুর্বল করে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
বুধবার অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মনগড়া তথ্য ছড়িয়ে দ্রুত ভাইরাল করা হচ্ছে ।
অ্যাসোসিয়েশনের মতে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লবের পর দেশে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। পরবর্তীতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনী জনসেবা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যমে কাজ শুরু করে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপতৎপরতা চালাচ্ছে, যাতে পুলিশ সদস্যরা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন। বিশেষ করে অতীতে বৈষম্যের শিকার হওয়া যে সমস্ত দক্ষ, সৎ ও যোগ্য কর্মকর্তা বর্তমানে দুর্নীতি ও অপরাধ দমনে কঠোর ভূমিকা রাখছেন, তাদের লক্ষ্য করেই এই কুৎসা রটানো হচ্ছে ।
বিবৃতিতে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতার নামে এ ধরনের গুজব ছড়ানো কেবল ব্যক্তিগত সুনামহানি নয়, বরং দেশের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্র।
বিবৃতিতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সাথে সমস্ত বিভ্রান্তি রুখে দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য পেশাদারিত্বের সাথে আরও কঠোর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে।


