রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় আশুরা উপলক্ষে বের হওয়া তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে এক যুবককে খুনের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. জাকির হোসেন (৩০)।
শনিবার ডিএমপির সূত্রাপুর থানার প্রসিকিউশন বিভাগের এস আই সোহান টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার ডিএমপির সূত্রাপুর থানার প্রসিকিউশন বিভাগের এস আই সোহান টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাজিয়া মিছিল থেকে খুন হওয়ায় সূত্রাপুর থানায় দায়ের করা হত্যা মামলায় চার জন গ্রেপ্তার হয়েছে। আসামিদের আদালতে হাজির করে জবানবন্দি নেওয়া হচ্ছে।
আদালত সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলামের আদালতে আসামিদের জবানবন্দি গ্রহণ কার্যক্রম চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
জানা যায়, নিহত জাকিরের পিতার নাম মো. জাহাঙ্গীর হোসেন এবং মাতার নাম ফালানি। তার বাড়ি লালবাগের ৩৯, বিসি দাস স্ট্রিট লেন। প্রাথমিকভাবে পূর্ববিরোধ বা গ্রুপভিত্তিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছেন একাধিক গোয়েন্দা সংস্থা।
গোয়েন্দা সূত্র জানায়, সূত্রাপুর থানাধীন বিবিকা রওজার আশেকান কমিটির উদ্যোগে বিবিকা রওজা থেকে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল বের হয়। মিছিলের পেছনে দুই গ্রুপের মধ্যে রেষারেষির এক পর্যায়ে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত ব্যক্তিকে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


