সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইরান এবং এর আশপাশের অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে, সরকার উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে ক্রমবর্ধমান উত্তোজনায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণের বিষয়ে বিশেষভাবে সজাগ রয়েছে।
বাংলাদেশ মনে করে, এই বৈরিতা অব্যাহত থাকলে তা বেসামরিক জনগণকে আরও ঝুঁকির মুখে ফেলার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘শত্রুতা অব্যাহত থাকলে কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকেই বিপন্ন করবে।’
তাই সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং মতপার্থক্য দূর করতে কূটনৈতিক প্রচেষ্টায় ফিরে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ এ অঞ্চলের বেশ কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনেরও নিন্দা জানিয়েছে সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক আইন এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর জোর দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বাংলাদেশ বিশ্বাস করে যে মধ্যপ্রাচ্যে দ্বন্দ্ব নিরসন এবং উত্তেজনা বৃদ্ধি রোধে সংলাপ ও কূটনীতিই একমাত্র টেকসই পথ।
ঢাকা আশা প্রকাশ করেছে যে, যত দ্রুত সম্ভব শান্ত পরিস্থিতি ফিরে আসবে এবং পুরো অঞ্চল জুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
বিবৃতিতে বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার বিষয়ে বাংলাদেশের দীর্ঘস্থায়ী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। সব পক্ষকে উত্তেজনা প্রশমন ও গঠনমূলক আলোচনায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


