শ্রমিকদের মর্যাদা ও শ্রমিক-কেন্দ্রিক নীতি প্রতিষ্ঠা ছাড়া ন্যায্য রূপান্তর সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, ‘বর্তমান অর্থনৈতিক মডেলগুলো শ্রমিকদের মর্যাদা অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এখনই শ্রমিক-কেন্দ্রিক নীতি ও রক্ষাকবচ বাস্তবায়ন অপরিহার্য। শ্রমিকদের সময়মতো মজুরি প্রদান, ন্যায্য ও সম্মানজনক আচরণ নিশ্চিত এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে।‘
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আয়োজিত জাস্ট ট্রানজিশন কনভেনশন বাংলাদেশ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।
সৈয়দা রিজওয়ানা হাসান শিপব্রেকিং শিল্প, পাথরভাঙা ও আউটসোর্সিং শ্রমিকদের ঝুঁকি, কৃষকদের ঋণজনিত সংকট ও আত্মহত্যার প্রবণতা, মৎস্যজীবী ও কৃষক সম্প্রদায়ের সুরক্ষা ইত্যাদি বিষয়কে চিহ্নিত করে কার্যকর রাষ্ট্রীয় সমাধান এবং ত্রিপাক্ষিক সংলাপ জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ন্যায্য, নিরাপদ ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব এএইচএম শফিকুজ্জামান, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, উপদেষ্টা আনোয়ার হোসেনসহ অন্যরা।
বক্তারা ব্যবসায়ী, শ্রমিক ও সরকারের মধ্যে সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ট্রেড ইউনিয়নগুলো নন-পার্টিজান অবস্থানে থেকেও শ্রমিক স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে।
সম্মেলনে অংশগ্রহণকারীরা ন্যায্য রূপান্তরের জন্য একটি রোডম্যাপ ও জাতীয় মঞ্চ গঠনে একমত হন, যেখানে নীতিগত সুপারিশ, ইনস্টিটিউশনাল সেফগার্ড এবং বাস্তবভিত্তিক রোল-আউট পরিকল্পনা অন্তর্ভূক্ত।


