নোয়াখালীর সদর উপজেলায় এক শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ।
সোমবার উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দানা মিয়ার বাজার এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।
এর আগে রোববার ধর্ষণের এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম নুরুল আমিন সুজন (৩০)। তিনি ওই এলাকার বাসিন্দা। দুই সন্তানের পিতা নুরুল আমিন সুজন এলাকায় রাজমিস্ত্রীর কাজের সঙ্গে জড়িত।
ভুক্তভোগীর মা জানান, শিশুটি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। রোববার বিকালে স্কুল ছুটির পর শিশুটি বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন তার মা ও বোন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বিধ্বস্ত অবস্থায় সুজনের বাড়ির থেকে বের হতে দেখেন তারা। এ সময় শিশুটির এলোমেলো চুল ও পুরো গায়ে মাটির দাগ দেখা গেলে তার মা জিজ্ঞাসাবাদ করেন। তখন ধর্ষণের বিষয়টি জানায় ভুক্তভোগী।
শিশুটির অভিযোগ, স্কুল থেকে ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় সুজন। পরে হাত-পা বেঁধে ধর্ষণ করে। এর আগেও সুজন একাধিকবার শিশুটিকে ধর্ষণ চেষ্টা চালায় বলেও জানান তার মা।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি জানা মাত্রই ঘটনার একমাত্র অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।


