বিএনপি থেকে মনোনয়ন পেলেন না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। নীলফামারী-১(ডোমার, ডিমলা) আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ছেড়ে দিয়েছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে আসন সমঝোতার ঘোষণা দেন। নীলফামারী-১ আসনে বিএনপির শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচার চালিয়ে আসছিলেন শাহরিন ইসলাম তুহিন।
জাতীয় পার্টির দুর্গ এই আসনে সকল দলের অংশ নেওয়া নির্বাচনে বিএনপি কখনো জয়ী হতে পারেনি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে এখানে সংসদ সদস্য হয়েছিলেন তুহিন। তবে ১২ জুন এবং ২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেও জয়ী হতে পারেননি। এই আসনে পালাক্রমে জয়ী হয়েছে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ। এই আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর ভোটশক্তি প্রায় সমানে সমান। আগামী নির্বাচনে এখানে জামায়াতের প্রার্থী আবদুল সাত্তার।
এদিকে বিএনপি দুই দফা আনুষ্ঠানিকভাবে ২৭২টি আসনে মনোনয়ন ঘোষণা করলেও ফাঁকা ছিল নীলফামারী-৩(জলঢাকা) আসন। এবার অনানুষ্ঠানিকভাবে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সৈয়দ আলী।
নীলফামারী-৩ আসনেও বিএনপি কখনো জয়ী হতে পারেনি। এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর শক্তি প্রায় সমানে সমান, বিএনপির অবস্থান চতুর্থ। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে এখানে জয়ী হয়েছিলেন জামায়াতের মিজানুর রহমান চৌধুরী। আগামী নির্বাচনে দলটির মনোনয়ন পেয়েছেন ওবায়দুল্লাহ সালাফী।


