ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী। দলটির মতে, এই তফসিলের মাধ্যমে আসন্ন নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সহকারি সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর নানা কারণে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছিল। সেটি এখন দূর হয়েছে।’
‘তফশিলের পর নির্বাচন কমিশনের (ইসি) বিশেষ দায়িত্ব রয়েছে। বিশেষ করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অন্যতম উপাদান হচ্ছে নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করা। আমরা ইসির কাছে প্রত্যাশা করি তারা যেন নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বাচন পরিচালনা করে।’
এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সে অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ সম্পর্কিত গণভোট অনুষ্ঠিত হবে।
জামায়াতের সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আমলের নির্বাচনের উদাহরণ তুলে ধরে জুবায়ের বলেন, ‘এবারের নির্বাচন যেন আগের মতো না হয়। মানুষ যেন শঙ্কাহীন পরিবেশে ভোট দিতে পারে। সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরো বাড়াতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
জনগণ গত তিন নির্বাচনে ভোট দিতে পারেনি এমন অভিযোগ করে জামায়াতের এই নেতা বলেন, এখন তাই মানুষ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
‘আমরা আশা করছি, এবার মানুষের সেই স্বপ্ন পূরণ হবে। এবার আর দিনের ভোট রাতে হবে না।’
জামায়াতের এই সহকারি সেক্রেটারি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে আমরা গণভোট সংসদ নির্বাচনের আগে চেয়েছিলাম। কিন্তু সরকারের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। আমরা হ্যাঁ ভোটের পক্ষে জোরালো ক্যাম্পেইন করছি। জামায়াতসহ ৮ দল সংসদ নির্বাচনের মতোই গণভোটকে গুরুত্ব দিচ্ছে।’


