বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রধান পর্যবেক্ষক হিসেবে ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবসকে নিয়োগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ সদর দপ্তর থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাই রিপ্রেজেন্টেটিভ ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের আনুষ্ঠানিক আমন্ত্রণের পর ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ ও ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের নিয়োগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস বলেন, ‘বাংলাদেশে এই ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। এই মিশন নির্বাচন প্রক্রিয়ার একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন উপস্থাপন করবে। এটি বাংলাদেশের জনগণ এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের একটি বাস্তব উদাহরণ।’
ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক মূল্যায়ন করবে। এর মধ্যে থাকবে আইনি কাঠামো, নির্বাচনী প্রচারণার পরিবেশ, গণমাধ্যমের ভূমিকা এবং ভোটগ্রহণ ও ভোট গণনার প্রক্রিয়া।


