ফেব্রুয়ারির প্রথোমার্ধে হতে যাওয়া সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য পৃথক বুথ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিং-এ তিনি এ কথা।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। তরুণদের অংশগ্রহণ বাড়াতে প্রতিটি কেন্দ্রে তাদের জন্য ‘বিশেষ বুথ’ রাখা হবে। এছাড়া ছেলে-মেয়ে এবং নারী-পুরুষের জন্য আলাদা বুথের ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক আগে থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনের প্রশিক্ষণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে “বডিক্যাম” (বডি-অর্ন ক্যামেরা) থাকবে, যাতে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ সম্ভব হয়। বর্তমানে পুলিশ, বিজিবি ও কারারক্ষীদের কাছে কিছু ক্যামেরা রয়েছে এবং নির্বাচনের জন্য অতিরিক্ত ৪০ হাজার “বডিক্যাম” কেনা হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাসস্ট্যান্ড বা টেম্পুস্ট্যান্ড দখল ও চাঁদাবাজি বরদাশত করা হবে না। ইতোমধ্যে অনেককে আইনের আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতেও যে কোনো দলের চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ সদর দপ্তর ও কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। কারাগারে তিনি বন্দিদের খাবার, স্বাস্থ্য ও জীবনযাত্রা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে তিনি কেরাণীগঞ্জ মডেল থানাও পরিদর্শন করেন।


