আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পরিবেশ অনুকূলে রয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি৷
মির্জা ফখরুল বলেন, ‘গত ১৬ বছর গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই করেছি৷ নির্বাচনে প্রত্যাশা গণতন্ত্রকে ফিরিয়ে আনা৷ নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ পাবে৷ এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনূকূলে রয়েছে।’
‘তারেক রহমানের ঠাকুরগাঁওয়ে সফর ইতিবাচক প্রভাব ফেলেছে৷ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলো ইফেক্ট পড়বেনা। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করবে। এবারে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখিনা,’ যোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, সব নির্বাচনকেই গুরুত্ব দেই আমি। প্রতিপক্ষকে দূর্বল মনে করিনা৷ জামায়াত কৌশলে বিভিন্নভাবে প্রচার চালায়। নানা ভুয়া নিউজ ছড়িয়ে দেয়। আমরা পজেটিভ রাজনীতি করছি। যাকে খুশি তাকেই ভোট দেন৷ কিন্তু, সবাই ভোট দিতে যাবেন।


