ঢাকা-৮ আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী নাসিরউদ্দীন পাটওয়ারীর পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার বিকালে দায়িত্বরত এক সেনা কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানান, অভিযোগ যাচাই করে কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে তিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন।
এর আগে, এদিন সকালে ঢাকার শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তোলেন নাসিরউদ্দীন।
সকাল ১১টা ৩০ মিনিটে তিনি কেন্দ্রটি পরিদর্শনে এসে প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ জানান এবং পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
পাটওয়ারী বলেন, সকাল থেকে তিনি অনেক কেন্দ্র ঘুরেছেন এবং অনেক জায়গায় সুষ্ঠু ভোট হচ্ছে। তবে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে তাদের এজেন্টকে এক ঘণ্টা দেরিতে ঢুকতে দেওয়া হয়েছে এবং তাকে তিন ঘণ্টা কাজ করতে দেওয়া হয়নি। ওই তিন ঘণ্টায় কেন্দ্রের ভেতরে কী ঘটেছে, তা জানতে চান তিনি।
তার এ অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজেকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে ওই সেনা সদস্য বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে জানা যায় যে শাপলা কলি প্রতীকের এজেন্টকে তিন ঘণ্টা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। বিষয়টি যাচাই করতে তিনি প্রিসাইডিং অফিসার এবং সংশ্লিষ্ট এজেন্টদের সঙ্গে কথা বলেন।
সেনা কর্মকর্তা জানান, প্রিসাইডিং অফিসার ও শাপলা কলি প্রতীকের এজেন্টরা তাকে জানিয়েছেন যে কেন্দ্রে ঢুকতে কোনো সমস্যা হয়নি এবং তারা সকাল সাড়ে ৭টা থেকেই কেন্দ্রে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, এজেন্টরা কেন্দ্রে এলে তাদের পরিচয় নিশ্চিত করার জন্য জানতে চাওয়া হয়েছিল। পরিচয় যাচাইয়ের পর ভোট শুরুর আগেই তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়।
এর আগে পাটওয়ারী অভিযোগ করেন, তার এজেন্টকে প্রথমে প্রায় এক ঘণ্টা পর কেন্দ্রে ঢুকতে দেওয়া হলেও পরে সেই সময়সীমা তিন ঘণ্টা পর্যন্ত গড়ায়।
তিনি প্রশ্ন তোলেন, ওই সময়ের মধ্যে কেন্দ্রে কী ঘটেছে এবং এ বিষয়ে সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান।


