নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রম আইনের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আদালত অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
সাজেদুল ইসলাম শুভ্র বনানীর একটি ভবনে আত্মগোপনে ছিলেন। পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে মঙ্গলবার রাত ১১টায় ভবনটিতে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
রাতে সাজেদুল ইসলাম শুভ্র বাড়ি থেকে বের হননি। গ্রেপ্তার এড়াতে তিনি নানা রকম চেষ্টা করেন। বুধবার সকালে পুলিশ তাকে আটক করে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর আদালতে নিয়ে যাচ্ছে বলে জানা গেছে।


