নতুন বছরের প্রথম প্রহরে নিউইয়র্ক মেয়রের শপথ নিলেন মামদানি

নতুন বছরের প্রথম প্রহরে নিউইয়র্ক মেয়রের শপথ নিলেন মামদানি
শপথ নিলেন জোহরান মামদানি। ছবি: রয়টার্স
Advertisement
Advertisement

নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। বৃহস্পতিবার নতুন বছরকে স্বাগত জানানোর কয়েক মিনিটের মধ্যেই নিউইয়র্কের ঐতিহাসিক সিটি হল সাবওয়ে স্টেশনে শপথ নেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এসময় তার পাশে ছিলেন স্ত্রী রামা দুয়াজি। দর্শকসারিতে ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হন বাবা মাহমুদ মামদানি ও মা মীরা নায়ার। মামদানিকে শপথ পড়ান নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। শপথে যুক্তরাষ্ট্রের সংবিধান ও নিউইয়র্কের আইনের প্রতি সমর্থন জানাতে প্রতিশ্রুতিবদ্ধ হন নবনির্বাচিত মেয়র।

শপথ শেষে মামদানি বলেন, ‘স্টেশনের টানেল ও এর বাইরের সবাইকে এবং গোটা নিউইয়র্কবাসীকে শুভ নববর্ষ। এটি সত্যিই আমার জীবনের একটি সম্মান এবং গৌরবের মুহূর্ত।’

ঐতিহাসিক মুহূর্তে মামদানির পাশে ছিলেন স্ত্রী রামা দুয়াজি। ছবি: রয়টার্স

নিউইয়র্কের আইন অনুযায়ী, মেয়রদের দায়িত্বের মেয়াদ চার বছর। নির্বাচনের পর মূলত ১ জানুয়ারি থেকে তাদের এই মেয়াদ শুরু হয়। কাজেই প্রচলন মেনে এবারও নতুন বছরের শুরুতে মধ্যরাত ১২টার পরপরই মেয়রের শপথ অনুষ্ঠান আয়োজিত হয়।

মামদানি সেই শপথ অনুষ্ঠানের জন্য বেছে নেন ওল্ড সিটি হল সাবওয়ে স্টপ। মধ্যশতকে বন্ধ করে দেওয়া এই সাবওয়ে টানেল কেবল গাইডসহ দর্শনার্থীদের জন্যই খোলা থাকে।

মূলত নিউইয়র্ক সিটি সচল রাখা সেই সাধারণ মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই স্থান বেছে নেন নতুন মেয়র।

আরও পড়ুন

৩৪ বছর বয়সে নিউইয়র্কের সবচেয়ে তরুণ মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড করেন মামদানি। তিনি একজন সাবেক রাজ্য আইনপ্রণেতা এবং নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র।

রিপাবলিকান শিবির থেকে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা সত্ত্বেও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে বিপুল ভোটে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হন মামদানি। বাড়ি ভাড়ায় স্থিতিশীলতা, বিনামূল্যে বাস সার্ভিস ও শিশুর চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জিতে নেন তরুণ ভোটারদের মন।

দর্শক আসনে ছেলের শপথ অনুষ্ঠান উপভোগ করেন মামদানির বাবা-মা। ছবি: রয়টার্স

রয়টার্সের প্রতিবেদনে মামদানির প্রথম কর্মদিবসের সূচি প্রকাশ করা হয়। এ সূচি অনুযায়ী, মধ্যরাতের শপথ শেষে দুপুরে নতুন বছরে জনসাধারণের জন্য এক বিশাল উৎসব আয়োজন করেছেন মামদানি। সিটি হলের সিঁড়িতে ওই অনুষ্ঠানে অন্তত চার হাজার মানুষ উপস্থিত থাকবেন। নিউইয়র্ক সিটির ইন্টারনেট ব্রডওয়ে কোম্পানিগুলো বিনামূল্যে ওই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে।

জনগণের উদ্দেশে সেখানে নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে। মামদানির সমর্থকরা এই অনুষ্ঠানের নাম দিয়েছে ‘নতুন যুগের শপথগ্রহণ’।

এরপর মামদানি অ্যাস্টোরিয়ার ব্যক্তিগত এক বেডরুমের অ্যাপার্টমেন্ট থেকে ম্যানহাটনে নিউইয়র্ক সিটির মেয়রের জন্য নির্ধারিত সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে উঠবেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর