বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান।
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপাচার্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং ব্যক্তিগতভাবে তারেক রহমানের প্রতি সমবেদনা জানান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও সার্বিক পরিবেশ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে নিয়মিত সংলাপের অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর।
সাক্ষাৎকালে উপাচার্য নিয়াজ আহমদ খান জাতীয় নির্বাচন পূর্ববর্তী সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা, বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন চলমান প্রকল্পের অগ্রগতি, ডাকসু নির্বাচন পরবর্তী পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্প্রতি গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তারেক রহমানকে জানান।
এছাড়া, খালেদা জিয়ার মৃত্যুর পর তার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন কর্মসূচির বিষয়েও তারেক রহমানকে অবহিত করা হয়।
এ সময় উপাচার্য বলেন, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিশীলতা রক্ষা, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
জবাবে তারেক রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়নসহ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সম্ভাব্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে, নিয়াজ আহমদ খান গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।


