বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করায় প্রধান উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানিয়েছে দলটি। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সিভিল প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, এসএসএফ, পিজিআর, বিজিবি, আনসার বাহিনী, সিএসএফসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ছাত্র, জনতা, শ্রমিক এবং সব শ্রেণি-পেশার জনগণ এবং সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণের প্রতি তারেক রহমান আন্তরিক ধন্যবাদ।
একই সঙ্গে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে ঢাকার ৩০০ ফিটে আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন।
পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন তারেক রহমান। তার আগেই হাসপাতালে পৌঁছান তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে হাসপাতাল থেকে বের হন তারেক রহমান ও তার পরিবারের অন্য সদস্যরা। এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন।
দীর্ঘ ১৭ বছর ৩ মাস নির্বাসন জীবন শেষে রাত ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসায় পৌঁছান তারেক রহমান।


