ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি ওয়ার্ডে ছাদের একাংশের পলেস্তারা খসে পড়ে এক রোগী আহত হয়েছেন।
রোববার সকাল ৯টার দিকে নাক, কান, গলা (ইএনটি) বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহত রোগীর নাম সালমা বেগম (৩৮), তিনি কানের চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বার্তা সংস্থা ইউএনবিকে সালমা বেগম জানান, গত ২ সেপ্টেম্বর কানের পর্দা ফেটে যাওয়ায় তিনি ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। সিট না থাকায় বারান্দায় পাটি বিছিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সকালে হঠাৎ ছাদের পলেস্তারা খসে তার ডান পায়ের ওপর পড়ে। এতে তিনি প্রচণ্ড ব্যথা পান।
ওয়ার্ডটির দায়িত্বে থাকা এক চিকিৎসকও বিষয়টি স্বীকার করেছেন। সকালে ডিউটিতে এসেই তিনি এই ঘটনা দেখতে পান।
তবে পলেস্তারা খসে রোগী আহত হওয়ার খবর সম্পর্কে জানেন না কেবিন ব্লকের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর। এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘৩০৩ নম্বর ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ার বিষয়টি আমার জানা নেই। কোনো রোগী আহত হয়েছে কি না সেটিও জানি না।’
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের পরিচালক মো. আসাদুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। পরে মেসেজ দেওয়া হলেও কোনো উত্তর মেলেনি।


