‘জঙ্গি হামলার’ আশঙ্কায় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সরকার।’
দূতাবাসের অনুরোধে সোমবার রাত ১০টার পর থেকে বারিধারার কূটনৈতিক পাড়ায় অবস্থিত মার্কিন দূতাবাসে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট মোতায়েন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানা পুলিশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। একইভাবে কূটনৈতিক নিরাপত্তা বিভাগের উপকমিশনার নূরে আলমও এ নিয়ে কিছু বলতে চাননি। তিনি শুধু বলেন, ‘পরবর্তী সময়ে এ বিষয়ে জানানো হবে।’
অন্যদিকে, নিরাপত্তা হুমকি এবং সোয়াট মোতায়েন নিয়ে মার্কিন দূতাবাস থেকেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দূতাবাসের পক্ষ থেকে একটি চিঠি পাওয়ার পরই নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) মাসুদ আলম বলেন, ‘নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দূতাবাস এলাকাসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।’


