মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। বুধবার ট্রাইব্যুনাল-১–এ আরও দু’জন সাক্ষ্য দেন।
এদিন সকালে রাজসাক্ষী হিসেবে আদালতে হাজির করা হয় মামলার অন্যতম আসামি, কারাবন্দি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। মামলার অন্য দুই আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখনো পলাতক।
এ পর্যন্ত মামলায় তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। তারা আদালতে বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণহত্যার পেছনে মূল পরিকল্পনাকারী ছিলেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাক্ষ্য দিতে গিয়ে তারা তুলে ধরেন সেই সময়কার বিভীষিকাময় পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের বিবরণ।
এর আগে ১০ জুলাই ট্রাইব্যুনাল-১ মামলাটিতে তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ, পরিকল্পিতভাবে গণআন্দোলন দমন করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর বর্বর দমন-পীড়ন চালানো হয়েছিল।
এদিকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে।


