প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়েত বিন জাকির ও মেয়ে জাকিয়া তাবাসসুম সঞ্চয়ীর দেশত্যাগে এই নিষেধাজ্ঞার আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
এর আগে, দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম পৃথক তিনটি আবেদনে তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া, ছেলে সাফায়েত ও মেয়ে জাকিয়ার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের অর্জিত অবৈধ সম্পদ অর্জনে তারা প্রত্যক্ষ সহযোগিতা করেছেন, তার প্রমাণ পাওয়া গেছে। তাই তারা দেশ ছাড়তে পারেন এমন আশঙ্কায়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালতের মাধ্যমে তাদের বিদেশ যাওয়া আটকানো জরুরী। তাই তারা যাতে দেশত্যাগ না করতে পারে, সে বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগে চিঠি পাঠানোসহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়া একান্ত প্রয়োজন।


