ঝিনাইদহে ট্রাকচাপায় শাম্মী আক্তার (৪২) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাম্মী আক্তার কুষ্টিয়া জেলা শহরের মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী। তিনি স্বামীর মোটরসাইকেলে চড়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে কুষ্টিয়া থেকে স্বামীর সঙ্গে ঝিনাইদহ যাওয়ার সময় আরাপপুর-চুয়াডাঙ্গা স্ট্যান্ড সড়কের মশিউর রহমান বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে ভাঙ্গা সড়কের কারণে ওই নারী মোটরসাইকেল থেকে নিচে পড়ে যান। সে সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শাম্মী আক্তার মারা যান।
দুর্ঘটনার পর না থেমে চালক দ্রুত গতিতে ট্রাক নিয়ে পালিয়ে যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামসুল আরেফীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


