মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে সৃষ্টি হওয়া তীব্র জ্বালানি সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সারা দেশে আমদানি করা পণ্য পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম লাইটার জাহাজগুলোর কাজ প্রায় বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় সরবরাহ চেইনে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি তেলের তীব্র সংকটে ইতোমধ্যে ২০০-এর বেশি লাইটার জাহাজ তাদের কার্যক্রম স্থগিত করেছে। সাধারণত মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে নদীপথে দেশের অভ্যন্তরে পৌঁছে দেওয়ার কাজটি করে এই লাইটার জাহাজগুলো।
বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সচিব ইঞ্জিনিয়ার মেহবুব কবির জানান, অন্তত ২০০ জাহাজ বর্তমানে অলস বসে আছে। তিনি বলেন, ‘জ্বালানি না থাকায় আমার নিজেরই চারটি জাহাজ পণ্য পরিবহন করতে পারছে না। ১০ দিন আগে নৌপরিবহন মন্ত্রণালয়কে বিষয়টি জানালে এখনো কোনো সাড়া মেলেনি। পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’
তিনি আরও জানান, লাইটার জাহাজ পণ্য খালাস করতে না পারায় মাদার ভেসেলগুলোকে বহির্নোঙরে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে জাহাজ ভেদে প্রতিদিন ২০ হাজার থেকে ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বাড়তি মাশুল গুনতে হচ্ছে আমদানিকারকদের।
বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের তথ্যানুযায়ী, বর্তমানে বহির্নোঙরে প্রায় ২ হাজার নিবন্ধিত লাইটার জাহাজ রয়েছে, যা খাদ্যশস্য, সার, কয়লা, ক্লিংকার ও ভোগ্যপণ্য দেশের ৩৪টি নদীপথে পরিবহন করে। গত ১২ এপ্রিলের তথ্যমতে, চট্টগ্রাম বন্দরে থাকা ৯৭টি জাহাজের মধ্যে ৭৯টি ছিল বহির্নোঙরে, যার অধিকাংশই খালাসের জন্য লাইটার জাহাজের ওপর নির্ভরশীল।
গত ৩০ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আবেদন জানায় কোঅর্ডিনেশন সেল। চিঠিতে উল্লেখ করা হয়, ডিলার পর্যায়ে সরবরাহ কম থাকায় পদ্মা, মেঘনা ও যমুনা নদীপথে চলাচল করা জাহাজগুলো প্রয়োজনীয় তেল পাচ্ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
কোঅর্ডিনেশন সেলের মুখপাত্র পারভেজ আহমেদ জানান, সংকটের কারণে প্রতিটি জাহাজের ডেলিভারি সময় পাঁচ থেকে ছয় দিন বেড়ে গেছে। আগে যেখানে ১৫ দিন সময় লাগত, এখন সেখানে ২০ দিনের বেশি সময় লাগছে।
কর্তৃপক্ষ রেশনিংয়ের পরামর্শ দিলেও নৌপরিবহনের ক্ষেত্রে এটি কার্যকর কোনো সমাধান নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


