জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. জামশেদ আলম এই আদেশ দেন বলে জানিয়েছেন ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
২০২৪ সালের জুলাই মাসে আন্দোলন চলাকালে একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. সোহান শাহকে হত্যার ঘটনায় করা মামলার আসামি তালিকায় ছিল বাণিজ্য উপদেষ্টার নাম।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৩ এর উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধি অনুসারে আদালতে একটি প্রতিবেদন জমা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, এই ঘটনার সঙ্গে শেখ বশির উদ্দিনের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তাই মামলা থেকে তাকে অব্যাহতি দিতে অনুরোধ করেন তদন্ত কর্মকর্তা।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই রাজধানীর রামপুরা এলাকায় মো. সোহান শাহ (৩০) গুলিতে আহত হন এবং পরে ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভুক্তভোগীর মা সুফিয়া বেগম গত বছরের ১৯ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ৫৭ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন, যেখানে শেখ বশির উদ্দিনকে ৪৯ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল।


