জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটি স্পষ্ট আইনগত কাঠামো গঠনের আহ্বান জানিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। দলটি বলেছে, এই প্রক্রিয়া যেন অস্থায়ী সরকারের অধীনে শুরু হয় এবং স্থিতিশীলতা বজায় থাকে। একই সঙ্গে বিষয়টি নিয়ে যেন ভবিষ্যতে অনিশ্চিয়তা না থাকে সে দিকে নজর রাখতে আহ্বান জানিয়েছে নতুন এ দলটি।
বৃহস্পতিবার রাতে রাজধানীতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপের ২৩তম দিন শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এই দাবি জানান। তিনি বলেন, ‘আমরা অর্ন্তবর্তী সরকারের কাছে এর বাস্তবায়ন চাই। এটি অবশ্যই আইনের ভিত্তিতে হতে হবে।’
ইতোমধ্যেই কমিশনের সহসভাপতি আলী রীয়াজের কাছে এর বাস্তবায়ন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আখতার বলেন, ‘কমিশন যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে, সেটি প্রাথমিক খসড়া হলেও তাতে উল্লেখ আছে যে, নতুন সংসদ গঠনের পর দুই বছরের মধ্যে সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে।’
আলী রীয়াজ এনসিপিকে বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছেন উল্লেখ করে এনসিপির এ নেতা বলেন, ‘কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে পরবর্তী পথ ঠিক করবে বলে জানিয়েছে, কিন্তু বিষয়টি এখনো স্পষ্ট নয়।’
সনদ বাস্তবায়ন বিলম্বিত হলে বা ভবিষ্যতের কোনো সরকারের হাতে এই দায়িত্ব ছেড়ে দেওয়া হলে অনিশ্চয়তা ও রাজনৈতিক জটিলতা সৃষ্টি হতে পারে-বলে আশঙ্কা প্রকাশ করেন আখতার।
আখতার আরও জানান, বৃহস্পতিবারের আলোচনায় উপস্থিত বেশিরভাগ রাজনৈতিক দল সংস্কার বাস্তবায়নের জন্য কমিশনের নেতৃত্বে একটি পরিষ্কার রোডম্যাপ তৈরির পক্ষে মত দিয়েছেন।
বৃহস্পতিবারের আলোচনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো দলসহ ২৮টি রাজনৈতিক দল ও দুটি জোটের প্রতিনিধিরা অংশ নেন। কমিশন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সফররাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইমদাদুল হক, ইফতেখারউজ্জামান এবং আউয়ুব মিয়া।


