নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির ভাই শরিফ ওমর হাদি। তবে নিরাপত্তা চাওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ তিনি জিডিতে উল্লেখ করেননি বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে শাহবাগ থানায় জিডিটি করেন তিনি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন ওসমান হাদির ভাই। তবে নিরাপত্তার বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ তিনি জিডিতে উল্লেখ করেননি।
জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানিয়েছেন। এখন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৫ জানুয়ারি ওমরকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এখনও তিনি যোগদান করেননি। যাওয়ার আগে শহীদ হাদির একমাত্র সন্তান ফিরনাস ইবনে ওসমান হাদিকেও সেখানে নিতে চান তিনি। তবে শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা তাতে আপত্তি জানিয়ে বলেছেন, ফিরনাসকে সবাই নিতে চাইবে এটাই স্বাভাবিক। তবে তার বাবা একজনই, তিনি শহীদ ওসমান হাদি।
শনিবার সন্ধ্যায় ফেসবুকে আলাদা আলাদাভাবে পোস্টে এসব মন্তব্য করেন তারা। ইতোমধ্যে তাদের এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। এরপর শাহবাগ থানায় জিডি করলেন হাদির মেজ ভাই শরিফ ওমর।


