জামায়াতে ইসলামীর নায়েবে আমিরের অভিযোগকে ‘রাজনৈতিক অপপ্রচার’ হিসেবে দেখছে বিএনপি।
শনিবার গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন এসব কথা জানান।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপি চেয়ারম্যানের প্রতি ইঙ্গিত করে বলেন, পত্রিকায় এসেছে প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ক্ষমতায় বসতে ভারতের সঙ্গে তিনটি চুক্তি করেছেন।
সে প্রসঙ্গে মাহাদী আমীন বলেন, ‘একটি রাজনৈতিক দলের নেতা ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তিনি তার স্বপক্ষে কোন প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তা পারবেনও না, কারণ যে তথ্য মিডিয়ায় এসেছে বলে তিনি দাবি করেছেন সেটির নূন্যতম কোন বাস্তবতা নাই। তাহলে কি আমরা বলতে পারি যে বিতর্ক তৈরির জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল, অপপ্রচার। আর যদি ওনাকে ভুল তথ্য দেওয়া হয় বা বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হয় তাহলে আমরা মনে করি এটা তার অপকৌশল বা অজ্ঞতা। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার।’
বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশপন্থি রাজনীতি একথা উল্লেখ করে মাহাদী আমীন বলেন, তারেক রহমানের রাজনীতিতে সবার আগে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের ক্ষমতায়ন।
নিজের স্বার্থ রক্ষায় এবং অন্যের আগ্রাসনের বিরুদ্ধে দলের অবস্থান ও অতীতের কর্মসূচির কথা তুলে ধরে মাহাদী আমীন বলেন, ‘তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নতজানু পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে এসে দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটি তো শহীদ জিয়াউর রহমানের রাজনীতি। সুতরাং বিএনপি দেশের জন্য দেশের মানুষের জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমাদের নেতার নেতৃত্বে সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। এই রকম অপপ্রচার না হওয়াই আমাদের প্রত্যাশা।’
এক প্রশ্নের জবাবে মাহাদী আমীন বলেন, ‘আমরা তো বলেছি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের নামে যদি কেউ কোন টাকা পয়সা চান কোথাও, সেটা একেবারে অনাকাঙ্ক্ষিত। এই কার্ডগুলোকে বিতর্কিত করবার জন্য কেউ যদি এসব করে থাকেন সেটা অপ্রত্যাশিত।’


