জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
মঙ্গলবার দিনের শুরুতে ‘সি-১’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা এক শিফটে অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় প্রথম শিফটে ‘সি-১’ ইউনিটের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়।
চার শিফটে নেওয়া হচ্ছে ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা সকাল ১০টা ২৫ মিনিট থেকে ‘ডি’ ইউনিটের জীববিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়।
শেষ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে পরীক্ষার্থী ও অভিভাবকদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। বিভিন্ন পরীক্ষা কক্ষে দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ ও প্রক্টর সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়ম বা অসঙ্গতি দেখা যায়নি।’
পরীক্ষার্থীদের উপস্থিতির হারে সন্তোষ জানিয়ে তিনি আশা করেন, মেধার ভিত্তিতেই যোগ্য শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে এবং পরীক্ষা শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
এ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাতটি ইউনিটের মোট এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন দুই লাখ ১৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে গড়ে ১১৯ জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করছেন।
এর মধ্যে ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদে প্রতিযোগিতা তুলনামূলকভাবে বেশি। এখানে ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০ হাজার ২২০ জন শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনের জন্য লড়ছেন প্রায় ২২৬ জন পরীক্ষার্থী।


