প্রজাপতি সংরক্ষণ ও মানুষের মাঝে প্রকৃতিপ্রেম জাগানোর লক্ষ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ১৫তম প্রজাপতি মেলা। দেশের নানা প্রান্ত থেকে শিশুসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীরা মেলায় অংশ নেন।
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান মেলার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা এ মেলার আয়োজন করে।

মেলায় শিশুদের জন্য ‘প্রজাপতি‘ থিমের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রকৃতি ও প্রজাপতি বিষয়ক কুইজ, প্রজাপতি আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রজাপতি বাগান ভ্রমণ, প্রজাপতি নকশার ঘুড়ি ওড়ানো, প্রজাপতি শনাক্তকরণ প্রতিযোগিতা এবং প্রজাপতি বিষয়ক পুতুলনাচসহ নানা আয়োজন ছিল। দিনব্যাপী নানান কর্মসূচির পর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহীদ জহির রায়হান অডিটোরিয়ামের সামনে মেলা অনুষ্ঠিত হয়। অডিটোরিয়ামের সামনে স্থাপন করা সাদা জালে ঘেরা এলাকায় বিভিন্ন রঙের ফুলগাছ সাজানো ছিল। সেখানে আগত দর্শনার্থীদের জন্য বিভিন্ন প্রজাতির প্রজাপতি দেখার ব্যবস্থা করা হয়।

উত্তরা থেকে সন্তানদের নিয়ে আসা প্রকৃতিপ্রেমী দর্শনার্থী নাহিদা আক্তার বলেন, ‘বিভিন্ন মাধ্যমে মেলার খবর জানার পরই চলে আসি। ঢাকায় শিশুদের বিনোদনের জায়গা খুব কম। প্রজাপতি, পুতুলনাচ ও চিত্রাঙ্কনের মতো আয়োজনে শিশুদের খুব ভালো লেগেছে।’
এবারের প্রজাপতি অ্যাওয়ার্ড পান বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও সংরক্ষণকর্মী ড. আলী রেজা খান। প্রজাপতি ইয়াং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড অর্জন করেন জাবির সাবেক শিক্ষার্থী নূরে আফসারি ও শাহরিয়ার রাব্বি তন্ময়। আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ী হন সৈয়দ আব্বাস, মাহমুদুল বারী ও প্রিন্স পল জয়। গণমাধ্যম অ্যাওয়ার্ড পান একুশে টিভির মো. আহসান হাবিব, দৈনিক স্বদেশ প্রতিদিনের মো. মিজানুর রহমান এবং বাসসের মাহ আলম।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘প্রজাপতিসহ সকল জীবের প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণ জরুরি।’
তিনি জীববৈচিত্র্য রক্ষায় কীটনাশকের বিকল্প পরিবেশবান্ধব সমাধান গ্রহণ এবং সামাজিক-পরিবেশগত মূল্যবোধ পুনরুদ্ধারে সমষ্টিগত উদ্যোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ট্রেজারার অধ্যাপক ড. মো. আব্দুর রব, মেলা আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মফরুহি সাত্তার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মো. মজহারুল ইসলামসহ প্রাকৃতিক জীবন ফাউন্ডেশন, মৌসুমী ইন্ডাস্ট্রিজ, সাউথইস্ট ব্যাংক, বন বিভাগ ও আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) প্রতিনিধিরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনসুরুল হক।


