জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিক্ষা, শিগগির সমঝোতা স্মারক

জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিক্ষা, শিগগির সমঝোতা স্মারক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাপানি মাতৃভাষাভাষী শিক্ষকদের তত্ত্বাবধানে বাংলাদেশিদের ভাষা ও সংস্কৃতি শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে দ্রুত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত জাপানের একটি প্রতিনিধিদল রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে।

এ সময় প্রতিনিধিদলটি জানায়, জাপানের ভাষা ও সংস্কৃতি শিক্ষা প্রদানের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে তারা আগ্রহী।

জাপানি মাতৃভাষাভাষী শিক্ষকদের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের নিবিড় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে তারা বলে, এতে জাপানে পড়াশোনা বা কাজ করতে আগ্রহীরা ভাষা ও সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

আরও পড়ুন

এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে দেশজুড়ে আধুনিক সুবিধাসম্পন্ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।

তিনি বলেন, এসব অবকাঠামো ব্যবহার করে শিক্ষার্থীদের জাপানি ভাষা ও সংস্কৃতিতে দক্ষ করে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই জাপান বাংলাদেশের বন্ধু হিসেবে পাশে রয়েছে এবং এই উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

সভায় প্রস্তাবগুলো পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয় ও জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad