চেক জালিয়াতির মামলায় কক্সবাজার জেলা গণপূর্ত বিভাগের ঠিকাদার জালাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
বুধবার রাত ১১টার দিকে শহরের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জালাল উদ্দীন শহরের বাহারছড়ার বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, জালাল উদ্দীনের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে মামলা রয়েছে এবং আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, জালাল উদ্দীন গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে এন আই অ্যাক্ট ১৩৮ ধারায় দায়ের করা এক মামলায় প্রধান আসামি হিসেবে অভিযোগ আনা হয়। অভিযোগ অনুযায়ী, আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিয়ে চেক জালিয়াতির মাধ্যমে তিনি সংশ্লিষ্ট পক্ষকে ক্ষতিগ্রস্ত করেছেন।
এদিকে জালাল উদ্দীনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অতীতের বিভিন্ন অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। অনেকে দাবি করছেন, বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে তিনি জমি দখলের বাণিজ্য করতেন। তার বিরুদ্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনিয়ম ও দুর্নীতির আখড়া হিসেবে গড়ে তোলা হয়েছে।
গ্রেপ্তার জালাল উদ্দীনকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি।


