চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণ প্যানেল ঘোষণা করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট। প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’।
শনিবার দুপুর ১২টায় চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্যানেল ঘোষণা করে তারা। প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী কেফায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন নাট্যকলা বিভাগের কাজী শাহরিয়ার উল্লাহ।
প্যানেল ঘোষণা করে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জুয়েনা সুলতানা বলেন, ‘শিক্ষার্থীদের সব ধরনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা নিশ্চিত করতে আমরা চাকসু নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করছি। আমাদের বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ে সব সংকটের মূল তথা শিক্ষার্থীদের অধিকার হরণের মূলে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতির আধিপত্যবাদ, জবরদখলের ঘৃণ্য সংস্কৃতি।’
প্যানেলে আরও যারা থাকছেন:
প্যানেলে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোনায়েদ শিবলী, দপ্তর সম্পাদক পদে ফিন্যান্স বিভাগের তাহসীন কারিমুল ইসলাম এবং যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইংরেজি বিভাগের সাবিহা তাহসিন শ্রীজা।
ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা কেফায়েত উল্লাহ বলেন, ‘ক্যাম্পাসে আবাসন, খাদ্য, পরিবহন, শিক্ষা ও গবেষণায় সব সংকটের মূল কারণ বিদ্যমান প্রশাসনিক কাঠামোয় স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকা। ছাত্রদের প্রতিনিধি হিসেবে আমাদের মূল কাজ হওয়া উচিত অন্যায়, অনিয়মের সঙ্গে কোনোরকম আপোষ না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা ও ছাত্রসংসদের স্বচ্ছতা বজায় রাখা।’


