ক্যাম্পাসে সন্ত্রাস, আধিপত্যমুক্ত, গণতান্ত্রিক ও নিরাপদ একাডেমিক পরিবেশ নির্মাণের লক্ষ্য নিয়ে চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ‘বৈচিত্র্যের ঐক্য’ পর্ষদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জাতিভিত্তিক নয়টি সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই প্যানেলের ৪২ শতাংশ প্রার্থীই বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। এছাড়া নারী রয়েছেন ১৯ শতাংশ। প্যানেলে আছে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান ধর্মের প্রার্থীদের সহাবস্থান।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে কলা ঝুপড়িতে প্যানেল ঘোষণা করে এই পর্ষদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক রূপান্তরের বদলে মব ভায়োলেন্স, প্রশাসনিক আধিপত্য, গুপ্ত হামলা, নারী বিদ্বেষ, স্লাটশেমিং, সাইবার বুলিংসহ নানা অগণতান্ত্রিক চর্চা শিক্ষার্থীদের বারবার আক্রান্ত করেছে৷ সম্প্রতি স্থানীয় সন্ত্রাসীদের আক্রমণে ১৫০০ শিক্ষার্থী আহত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমাদের ৫২ ঘন্টা অনশন করতে হয়েছে৷ আমরা আশংকা করছি জাতীয় রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে ক্ষমতাসীন শক্তিগুলো পরস্পরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আরো বেশি অনিরাপদ করে তুলবে।’
‘এই পরিস্থিতিতে ক্যাম্পাসে সন্ত্রাস, আধিপত্যমুক্ত, গণতান্ত্রিক ও নিরাপদ একাডেমিক পরিবেশ নির্মাণের লক্ষ্যে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি ৷ আমরা চাই চাকসু বিশ্ববিদ্যালয়ে সর্বজনের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সচেতন প্লাটফর্ম হয়ে উঠবে। চাকসু বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য, আবাসন, পরিবহনসহ সকল ক্ষেত্রে চলমান সংকটের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করবে৷ সমস্ত নিপীড়িত অংশের কন্ঠস্বর হবে। পরিচয়বাদী বিভাজন দূর করে, অধিকারের পক্ষে সমস্ত বৈচিত্র্যকে ধারণ করে বৃহত্তর ঐক্য গড়ে তুলবে।’
চাকসু নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভাজনের বদলে ঐক্যের শক্তিকে গ্রহণ করবে বলে প্রত্যাশার কথাও জানানো হয়েছে এই পর্ষদের পক্ষ থেকে।
‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলে সহসভাপতি পদে লড়বেন বাংলা বিভাগের ধ্রুব বড়ুয়া, সাধারণ সম্পাদক পদে একই বিভাগের সুদর্শন চাকমা, সহ সাধারণ সম্পাদক পদে সঙ্গীত বিভাগের জাকিরুল ইসলাম জসিম।
এছাড়া খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের লালত্লান সাং বম, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে বাংলা বিভাগের এমদাদ উল্লাহ সাকিব, সহ-সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পদে শামসুন্নাহার রুমী, দপ্তর সম্পাদক পদে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স রাম্রা সাইন মারমা, সহ-দপ্তর সম্পাদক পদে নৃবিজ্ঞান বিভাগের সজিব চন্দ্র দাস, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফাইন্যান্স বিভাগের সাথোয়াইঅং মারমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে দর্শন বিভাগের নিত্যানন্দ কুমার, ক্যারিয়ার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে অর্থনীতি বিভাগের মাহিদুল ইসলাম (ইবাদ), যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ইংরেজি বিভাগের মোশরেফুল হক রাকিব, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে ইতিহাস বিভাগের শর্ত খীসা, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে রাজনীতি বিভাগের ধন রঞ্জন ত্রিপুরা, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের মোসাম্মৎ সুমাইয়া, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের উম্মে সাবাহ তাবাসসুম শুদ্ধতা, স্বাস্থ্য সম্পাদক পদে রিশাদ আমীন বর্ণ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে নৃবিজ্ঞান বিভঅগের মোহাম্মদ আকিব লড়বেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে পালি বিভাগের সোমা চাকমা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তিষ্য চাকমা, চারুকলা বিভাগের শিউলি ত্রিপুরা, নৃবিজ্ঞান বিভাগের সিংয়ইপ্রু মারমা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অংক্যচিং মারমাকে।
সহসভাপতি প্রার্থী ধ্রুব বড়ুয়া টাইমস অব বাংলাদেশকে বলেন, `আমরা একটা অসাম্প্রদায়িক ইনক্লুসিভ প্যানেল তৈরি করেছি। এই প্যানেলের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণের যে সংগ্রাম তা এগিয়ে নেব। দলীয় ও স্বতন্ত্র লোকদেরকে আমরা যুক্ত করেছি।’


