ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৩ জন। একই সঙ্গে আপিল না-মঞ্জুর হয়েছে ১৭ জন প্রার্থীর।
মঙ্গলবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে চতুর্থ দিনের শুনানি শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ আপিল নিষ্পত্তি করে ইসি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।
আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির চতুর্থ দিনে ৭০টি আপিলের শুনানি হয়। এগুলোর মধ্যে ৫৩টি আবেদন মঞ্জুর করেছে ইসি। আর ১৭টি আবেদন না-মঞ্জুর করা হয়।
এ ছাড়া মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল নেওয়া শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।
গত শনিবার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার ০১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। রোববার ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার ১৪১-২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে।


