চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং একই থানার শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রামমুখী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ফিরোজ আহমেদ তৌহিদ ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী মাহি উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহি ও তৌহিদ মোটরসাইকেলে করে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে চাঁদপুরে ফেরার পথে ঠাকুরদিঘী এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনার পর মিনিট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত একজনের মরদেহ উদ্ধার করেছে। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেলটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


