চট্টগ্রাম নগরীতে পুলিশের গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফের মুক্তির দাবিতে বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এই কর্মসূচি পালন করা হয়।
শনিবার বিকালে নগরীর পলিটেকনিক মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ‘জুলাই যোদ্ধা’মো. শাহীনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেন। মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘ভোট দেব কিসে, ধানের শীষে’, ‘এই আসনে প্রার্থী যারা, সাঈদ আল নোমান সবার সেরা’, ‘তুমি কে আমি কে, সাইফুল সাইফুল’সহ বিভিন্ন স্লোগান দেন।
পলিটেকনিক মোড় থেকে শুরু হওয়া মিছিলটি রুবি গেট, টেক্সটাইল এলাকা, বায়েজিদ, মেয়র গলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর দুই নম্বর গেটে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন যুবদল নেতা মো. মাসুদ, স্বেচ্ছাসেবক দল নেতা মাহিদুল ইসলাম মাহিদ এবং ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হামজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা মো. আকবর, পাঁচলাইশ থানা ছাত্রদলের সংগঠক জমির ইমন, টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মো. শাহাবুদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে পুলিশের গুলিতে পা হারানো সাইফুল ইসলাম সাইফ আজও কারাবন্দী। অথচ আসন্ন নির্বাচনে দলকে বিজয়ী করতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল।’
তিনি আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি সকল ভেদাভেদ ভুলে চট্টগ্রাম-১০ আসনে ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমানকে বিজয়ী করতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দল একযোগে ঘরে ঘরে কাজ করছে। আজকের এই গণমিছিলও সাইফুল ইসলাম সাইফের নির্দেশে আয়োজন করা হয়েছে।’
এ সময় তিনি সাইফুল ইসলাম সাইফের মুক্তির দাবি জানান এবং ধানের শীষের বিজয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার করেন।


