সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে ঢুকে এক কিশোরীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা করেছে তারা।
শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় কিশোরী ও তার মা আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৩টার দিকে তিনজন দুর্বৃত্ত বীরমঙ্গল হাওর গ্রামের একটি ঘরের দরজা ভেঙে ঢুকে ১৪ বছরের কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় কিশোরীর চিৎকার শুনে তার মা বাধা দিলে দুর্বৃত্তরা তাকে কামড় দেয় এবং ভুক্তভোগী কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
মা ও মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে বের হয়ে আসেন কিশোরীর দাদি। তিনি দরজার সামনে দাঁড়িয়ে বাধা দিলে দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত ওই কিশোরী ও তার মাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবারের সঙ্গে একটি পক্ষের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন ওসি।


