গোপালগঞ্জে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে র্যাকেট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার অভিযোগ উঠেছে যার বিরুদ্ধে সেও একজন কিশোর।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাটি গ্রামের বালুর মাঠে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ইয়াছিন শেখ (১২)। সে বরইহাটির বড়বাড়ি গ্রামের আশরাফ আলী শেখের ছেলে। ইয়াছিন বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার দিন সন্ধ্যার পর স্থানীয় চার কিশোর ব্যাডমিন্টন খেলছিল। এ সময় পাশে বসে ইয়াছিনসহ তিন-চারজন শিশু-কিশোর খেলা দেখছিল। ব্যাডমিন্টন খেলায় অভিযুক্ত কিশোর হেরে যায়।
রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত কিশোর দর্শক হিসেবে বসে থাকা শিশু ইয়াছিনের নতুন স্যান্ডেলে ধুলো ছিটিয়ে দেয়। এতে ইয়াছিন ক্ষিপ্ত হয়ে ওই কিশোরকে ঘুষি মারে। এক পর্যায়ে ওই কিশোর তার হাতে থাকা ব্যাডমিন্টন র্যাকেট দিয়ে ইয়াছিনকে ক্রমাগত আঘাত করতে থাকে। এতে গুরুতর আহত হয় ইয়াছিন।
দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরিস্থিতির অবনতি ঘটলে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার ইয়াছিনের মৃত্যু হয়। সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে তার মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে।
মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অতিরিক্ত রক্তক্ষরণে ঢামেকে চিকিৎসাধীন ইয়াছিনের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।’
এ ঘটনায় অভিযুক্ত কিশোর বা তার পরিবারের কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।


