গোপালগঞ্জে বুধবার বেলা পৌনে দুইটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভাস্থলে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে।
টাইমস অব বাংলাদেশের লাইভ ভিডিওতে দেখা যায়, একদল নেতাকর্মী পুলিশের উপস্থিতিতে জনসভাস্থলে এসে ঝটিকা হামলা চালিয়ে বেশকিছু প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে। এ সময় সেখানে একটি ককটেল বিষ্ফোরণের শব্দও পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
পরে কেন্দ্রীয় নেতারা এলে বেলা দুইটার দিকে জনসভা শুরু হয়।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে পদযাত্রা ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে এনসিপি। দলের এ কর্মসূচি ঘিরে রাতে পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয় গোপালগঞ্জ সদরে।
গোপালগঞ্জ শহর ঘুরে দেখা গেছে, রাস্তাঘাটে মানুষের চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। দোকানপাট তেমন একটা খোলেনি।
পদযাত্রা শেষে গোপালগঞ্জ পৌরপার্কে এনসিপির সমাবেশ সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও জনসভা বিলম্বিত হয়।
সকালে এনসিপির স্থানীয় নেতৃত্ব জানিয়েছিলেন, সমাবেশ বেলা ১২টার দিকে অনুষ্ঠিত হবে। দলটির কেন্দ্রীয় নেতারা বরিশাল অবস্থান করছেন। অল্প কিছু সময়ের মধ্যে তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন।
জেলা এনসিপি’র সূত্রে জানা গেছে, ১ জুলাই শুরু হওয়া ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিবাসসহ অন্যান্য নেতারা গোপালগঞ্জের সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামী লীগ সমর্থক এনসিপির কর্মসূচি প্রসঙ্গে বলেন, ‘আমি সারা জীবন আওয়ামী লীগ করেছি, কিন্তু আমার ছেলে-মেয়েরা তো আন্দোলন করেছে। আমরাও ছাত্রজীবনে আন্দোলন করেছি, আমি বুঝি তাদের দেশপ্রেম। এই ছাত্ররা অনেক দূর যাবে। তবে আওয়ামী লীগ পতনের পর গোপালগঞ্জের ব্যবসা-বাণিজ্য ভালো না। আমার ট্রান্সপোর্ট ব্যবসা প্রায় অর্ধেক হয়ে গেছে।’

পুলিশের গাড়িতে আগুন
এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এলাকাবাসী জানিয়েছেন, আগুন দেওয়ার সময় তারা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দেয়।
এ প্রসঙ্গে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, এনসিপি’র মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে পদযাত্রায় বুধবার কেন্দ্রীয় নেতাদের আসার কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচাল করতে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
এ ঘটনায় পুলিশের দু’জন সদস্য আহত হয়েছেন। তারা হচ্ছেন– কনস্টেবল কাওসার হোসেন ও মিনহাজ সরকার। তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউএনও’র গাড়িবহরে হামলা
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান।
সদর থানা পুলিশ জানিয়েছে, এনসিপি’র পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় ইউএনওর গাড়িবহরে হামলা ও ভাঙচুর করেছে।


