গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম মোকলেছ মোল্যা (৪৩)।
তিনি কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তাড়াইল এলাকার আবুল কালাম মোল্যার ছেলে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের নাজিরের মোড় নামক এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় মোকলেছ কাশিয়ানী উপজেলার তাড়াইল বাজার থেকে প্রতিবেশী সাকিবের সঙ্গে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। নাজির কাজীর মোড় নামক এলাকায় পৌঁছালে চার-পাঁচজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে হামলা চালায়। মোকলেছের সঙ্গে থাকা সাকিব পালাতে সক্ষম হলেও দুর্বৃত্তরা মোকলেছকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে মোকলেছ মোল্যাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে নিহতের স্বজনদের কাছ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রকৃত দোষীদের গ্রেফতার এর আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, অভিযোগ না পেলেও পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে এবং সেটা অব্যাহত রয়েছে। নিহতের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


