বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক নেমে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। বিভিন্ন দল ও দলের নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দলের নেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়াকে হারিয়ে আমরা শোকাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
এনসিপি
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের পক্ষ থেকে পাঠানো শোকবার্তায় বলা হয়, খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং গণতন্ত্র রক্ষার এক অবিচল প্রতিক্রিয়া হিসেবে নেতৃত্ব দিয়েছেন। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে অনন্য অবদান রেখেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ, দমন ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে, তিনি কখনও নিজের আদর্শ, দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারের জন্য আপোষ করেননি উল্লেখ করে শোকবার্তায় আরও বলা হয়েছে, ‘তার সাহস, দৃঢ়তা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত হিসেবে স্থায়ীভাবে চিহ্নিত হবে।’
এনসিপির মতে, ‘খালেদা জিয়ার সংগ্রাম শুধুমাত্র একটি সময়ের রাজনৈতিক ঘটনা নয়-এটি আমাদের সকলের জন্য গণতন্ত্রের প্রতি অটল থাকার অনুপ্রেরণা, স্বৈরাচারবিরোধী প্রতিজ্ঞা এবং দেশনেত্রী হিসেবে জাতির প্রতি দায়বদ্ধতার এক অমলিন শিক্ষা।’
জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত!’
শফিকুর রহমান
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন।’
জিএম কাদের
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শোকবার্তায় তিনি বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাষ্ট্র পরিচালনা ও বহুদলীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল যা সহসাই পূরণ হবার নয়।’
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
গণঅধিকার পরিষদ
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন এক যৌথ শোকবার্তায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন এ ভূখণ্ডের মানুষের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা। স্বৈরাচার, দমন-পীড়ন ও অবিচারের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নিয়ে তিনি আজীবন যে সংগ্রাম চালিয়ে গেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল ও গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।
তারা আরও বলেন, ‘খালেদা জিয়ার মৃত্যু শুধু কোনো একটি দলের শোক নয়, এটি সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি। তার অনুপস্থিতিতে দেশের রাজনীতিতে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার দৃঢ়তা এবং জুলুম-নির্যাতনের বিরুদ্ধে তার অকুতোভয় অবস্থান ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য চিরকাল শিক্ষণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে।’
পীর সাহেব চরমোনাই
খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক চর্চায় ও ইতিহাসে খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। পীর সাহেব চরমোনাই তার রুহের মাগফিরাত কামনা করেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


