খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ সুপায়ন মারমা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার প্রেমতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, সুপায়ন ইউপিডিএফের (প্রসীত) গ্রুপের কালেক্টর। এলাকায় তিনি ‘সত্য’ নামে পরিচিত। তিনি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার মরমছড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত রেদাচাই মারমা।
পুলিশ সূত্রে জানা গেছে, সুপায়নের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি তাজা কার্তুজ, চাঁদা আদায়ের একটি বই, নগদ ১ হাজার ৩১৯ টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ সুপায়নকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা হয়েছে।


