বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলসহ দুজনকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের (ক্রসফায়ার) ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিচার শুরু হয়েছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলায় অভিযোগ গঠন করে।
এর ফলে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। একইসঙ্গে প্রসিকিউশনের উদ্বোধনী বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করা হয়েছে।
এ সময় প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার।
আবুল হাসানাত আবদুল্লাহ হলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার ফুফাতো ভাই।
এই মামলার চার আসামির মধ্যে বরিশালের উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন কারাগারে আছেন। আর পলাতক আছেন সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশালের তৎকালীন পুলিশ সুপার (এসপি) একেএম এহসানউল্লাহ।
এর আগে, গত ১ এপ্রিল ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ভুক্তভোগী দুজন হলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং একই উপজেলার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।
আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন টিপু হাওলাদার ও কবির মোল্লা। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে হাসানাত আবদুল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে এই দুজনকে হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করেন।
হাসানাত আবদুল্লাহ ও এহসানউল্লাহ অধস্তন পুলিশ সদস্যদের দিয়ে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে গৌরনদী-গোপালগঞ্জ হাইওয়ের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় ব্রিজের পশ্চিম পাশে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করেন।


